সৈয়দপুরে বিসিক কেন্দ্রে অনিয়ম, উড়ছে না জাতীয় পতাকা
মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি বিধিমালা ভঙ্গের মারাত্মক অভিযোগ উঠেছে। নিয়মিত অফিস চলাকালীন সময় পার হয়ে গেলেও উত্তোলন করা হচ্ছে না জাতীয় পতাকা।
বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (অনুচ্ছেদ ৩) অনুযায়ী, সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রতিটি কর্মদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন রাখা বাধ্যতামূলক।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয় খোলা থাকলেও এবং স্বাভাবিক দাপ্তরিক কাজকর্ম চললেও ফ্ল্যাগ স্ট্যান্ডটি সম্পূর্ণ খালি পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীল কর্মকর্তাদের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই এখানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, যা জাতীয় পতাকার প্রতি অবমাননা ও সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন।
এ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উচ্চমান সহকারী নায়েমা খাতুন বলেন, বাঁশ ভেঙে যাওয়ায় পতাকা উত্তোলন করা হয়নি।
অন্যদিকে মুঠোফোনে কথা হলে বিসিক কর্মকর্তা মসিউর রহমান জানান, পতাকা উত্তোলনের দায়িত্ব মূলতঃ অফিস সহায়ক ও উচ্চমান সহকারীর। তাঁরা দায়িত্ব পালনে গাফিলতি করে থাকলে তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি নির্দেশ উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এআইএল/সকালবেলা