ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত
এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): ফেনীতে মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ঘাতক ট্রাকের চাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক সজীব (৩০) আহত অবস্থায় এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আলমগীর হোসেন ২০২৫ সালের ৩০ এপ্রিল তৎকালীন র্যাবে যোগ দেন। পরবর্তীতে চলতি বছরের ১৭ মে তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক পদে যোগদান করেন।
এসআরবি ফেনী ক্যাম্প ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে মহাসড়কের মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন স্থানে এসআরবির একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে চাপা দিয়ে সড়কের এক পাশে গিয়ে থমকে দাঁড়ায়।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরণ দিয়ে সহকর্মী এসআরবি সদস্য শরীফ জানান, “চেকপোস্টে আমরা ১৫-১৬ জন ছিলাম। স্যার সড়কের পাশেই দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দেয়।”
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, রাত আনুমানিক ১টার দিকে ওই এসআরবি কর্মকর্তাকে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু ঘটে। আঘাতে তাঁর কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ থেঁতলে গেছে।
এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো ব্যাটালিয়ন শোকাহত। মরদেহ ময়নাতদন্ত শেষে বাহিনীর নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
এআইএল/সকালবেলা