হারিয়ে যাওয়া প্রতিবন্ধী সাঈদকে পরিবারে ফেরালেন দুই সাংবাদিক

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
হারিয়ে যাওয়া প্রতিবন্ধী সাঈদকে পরিবারে ফেরালেন দুই সাংবাদিক

আব্দুল্লাহ আল মামুন (মণিরামপুর, যশোর): সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলায় গিয়ে পথ হারিয়ে যশোরের মণিরামপুরে চলে আসা মানসিক প্রতিবন্ধী যুবক আবু সাঈদকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই সংবাদকর্মী।

জানা গেছে, যুবক পথ হারানোর খবর পেয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও তহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে যান। পরবর্তীতে আবু সাঈদের সঙ্গে পরম মমতায় কথা বলে তাঁর পরিচয় ও ঠিকানা উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

আবু সাঈদ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন লাবসা ইউনিয়নের দক্ষিণ দেবনগর গ্রামের শেখ আবুল বাশারের সন্তান।

ঠিকানা পাওয়ার পর সাংবাদিকদ্বয় প্রযুক্তি ব্যবহার করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে লাবসা ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেন। ইউপি সচিবের মাধ্যমে আবু সাঈদের পরিবারকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানালে পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এরপর স্বজনরা দ্রুত মণিরামপুরে পৌঁছে আবু সাঈদকে শনাক্তের পর নিজেদের জিম্মায় বাড়ি নিয়ে যান।

নিখোঁজ সন্তানকে সুস্থ ও নিরাপদে ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাঈদের মা ও বোন। তাঁরা অশ্রুসিক্ত কণ্ঠে সাংবাদিকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের মতো মানবিক মানুষ এখনো সমাজে আছেন বলেই আমরা হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।”

সাংবাদিকদের এমন প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপে স্থানীয় বাসিন্দা এবং আবু সাঈদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

এআইএল/সকালবেলা