গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাঝুখান এলাকায় একটি ঝুট গুদামের ইন্ডাস্ট্রিয়াল শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার জোরালো প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৪৬ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝুখান এলাকায় অবস্থিত একটি ঝুট গুদামে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গুদামটিতে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজসহ বিপুল পরিমাণ দাহ্য ঝুট মালামাল মজুত থাকায় আগুন মুহূর্তে তীব্র আকার ধারণ করে এবং চারদিকে ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টা ৪৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১টার দিকে সরাসরি আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার ফাইটাররা। তাঁদের দ্রুত ও কার্যকর তৎপরতায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঝুট গুদামে আগুন লাগার মূল কারণ এবং পুড়ে যাওয়া মালামালের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার বিকেলেও গাজীপুরের টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছিল।
এআইএল/সকালবেলা