রেললাইনে সবজির হাট, জীবনের ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
রেললাইনে সবজির হাট, জীবনের ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে রেললাইনের ওপর ও দুই পাশে সবজির অস্থায়ী বাজার বসছে। প্রতিদিন ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমলেও ট্রেন চলাচলের পথে এমন ঝুঁকিপূর্ণ বেচাকেনায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, কাওরাইদ রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর পসরা সাজিয়ে শাকসবজিসহ নানা কৃষিপণ্য বিক্রি করছেন কৃষকেরা। কৃষকেরা সহজে পণ্য বিক্রির সুযোগ পেলেও ট্রেন আসার সময় দ্রুত সরে যাওয়া এবং যাত্রীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাসেদ জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে রেললাইনের ওপর বাজার বসাচ্ছেন। ট্রেনযাত্রী কালাম মিয়া বলেন, বাজারের ভিড়ের কারণে ট্রেনে উঠতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রেললাইনের ওপর বাজার বসানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও তা স্থায়ী করা যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান কঠিন বলে মনে করেন তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, শুধু উচ্ছেদ অভিযান নয়, কৃষকদের জন্য নিরাপদ ও নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং প্রশাসনের নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলেই কেবল এই মারাত্মক ঝুঁকির অবসান ঘটানো সম্ভব।

এআইএল/সকালবেলা