কুমিল্লায় আলোচিত রাশিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হাবিবুর রহমান মুন্না (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহিম সরকার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা।
রোববার (১১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান।
এসআরবি-১১ জানায়, মহেশপুর গ্রামের খোরশেদ আলম ও রহিম সরকারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলছিল। এর আগে রহিম সরকার পক্ষের মাওলা সরকার নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
গত ২৫ জুন সকালে রাশিদা বেগম নিজ বাড়িতে আসেন। পরবর্তীতে গৃহপালিত পশু নিয়ে পিকআপে করে বাড়ি থেকে বের হলে পথে তার গাড়ির গতিরোধ করা হয়। এরপর রহিম সরকারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তাকে পিকআপ থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে তার দুই মেয়েকেও মারধর করা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পর গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি রহিম সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করেছে এসআরবি-১১।
এআইএল/সকালবেলা