সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাড়ে সাতরশি গ্রামের আয়নালের মোড় এলাকায় ভাঙ্গা-বগাইল থেকে সদরপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় দাস সদরপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের চিত্তরঞ্জন দাসের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিজয় দাস মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিলেন। পথে আয়নালের মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন