মেঘনা থেকে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণানুযায়ী, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স প্রায় ৪৫ বছর।
স্থানীয়দের ধারণা, আনুমানিক এক সপ্তাহ আগে তাদের হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। নারীর দুই পা দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তারা মনে করছেন।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পুরুষের মরদেহে তীব্র পচন ধরেছে।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে নৌ পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|