আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সকালবেলা অনলাইন: হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে তিনি মরহুম আল্লামা শফীর কবর জিয়ারত করেন।

কবরের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সুরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী।

জিয়ারত শেষে মাদ্রাসার মহাপরিচালক প্রধানমন্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান, যেখানে তিনি উপস্থিত শীর্ষ আলেম-ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরবর্তীতে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিদায় নেওয়ার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে ও হাত মিলিয়ে শিক্ষার্থীদের প্রীতি ও শুভেচ্ছার জবাব দেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন