বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে থ্রি-হুইলারের (মাহিন্দ্রা/সিএনজি) মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৯ আগস্ট) দুপুরে দপদপিয়া সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি থ্রি-হুইলারের মুখোমুখি ধাক্কা লাগে। এতে থ্রি-হুইলারটি ধুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত ৬ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। ক্ষতিগ্রস্ত যানবাহন অপসারণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন