এ বছর বিপিএল নাও হতে পারে: বিসিবি সভাপতি তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদকঃ দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল।
এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, "চলতি বছর বিপিএল নাও হতে পারে। তবে বন্ধ করে দেওয়া নয়, আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলকে আরও সুসংগঠিত ও গোছানোভাবে দেশের মানুষের সামনে উপস্থাপন করা।"
একটি জাতীয় দৈনিককে দেওয়া ওই বিশেষ সাক্ষাৎকারে বিপিএলের ভবিষ্যৎ, ঘরোয়া ক্রিকেটের স্থায়িত্ব এবং বহুল আলোচিত ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত কথা বলেন সাবেক এই অধিনায়ক।
বিপিএল টুর্নামেন্টের নানা বিতর্কের প্রসঙ্গে টেনে তামিম ইকবাল বলেন, "বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বিষয়টি নিয়ে আরও সুস্পষ্ট বলতে পারবেন। তবে বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও দিনশেষে বিশ্বের কাছে এটি বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরে। এখানে কেবল খেলা, ক্রিকেটীয় কৌশল ও হার-জিত নিয়ে আলোচনা হওয়া উচিত। টাকাপয়সা কিংবা অনিয়ম নিয়ে কোনো নেতিবাচক খবর হোক, তা আমরা চাই না। টুর্নামেন্টের মান ও ভাবমূর্তি রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য।"
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর বিপিএল না হলে জাতীয় দলে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম আশ্বস্ত করে বলেন, "এ বছর যদি আমরা শেষ পর্যন্ত টুর্নামেন্টটি করতে না-ও পারি, তবে ২০২৭ সালে আরও উন্নত ও পেশাদারভাবে এটি ফিরিয়ে আনতে পারব। তা ছাড়া অন্যান্য বিকল্প টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনও আমাদের বিবেচনায় রয়েছে।"
ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আসর নিয়ে বিসিবি সভাপতি জানান, দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিএপিএল) এবং তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে। দ্রুতই নতুন মৌসুমের খেলা শুরু হবে। দ্বিতীয় বিভাগের যে দলগুলো অংশ নেয়নি, তাদের খেলোয়াড়দের আর্থিক সহায়তার বিষয়টি বোর্ড আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করবে।
এদিকে চলতি মাসেই নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাতে পারেননি তামিম। তিনি বলেন, "বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সার্বক্ষণিক ও নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে বিসিবি সভাপতি হিসেবে আমার কিছু প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। সীমা অতিক্রম না করে যতটা এগোনো সম্ভব, আমরা ততটাই চেষ্টা করছি। এই মুহূর্তে এর চেয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয়।"
|