অভাবে চুল বিক্রি করা সেই নারীর পাশে দাঁড়ালেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
অভাবে চুল বিক্রি করা সেই নারীর পাশে দাঁড়ালেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি: অভাবের তাড়নায় নিজের মাথার চুল বিক্রি করে আলোচনায় আসা বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনায় রোববার (৯ আগস্ট) বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী ভুক্তভোগী রেহানা খাতুনের বাসস্থানে যান।

রেললাইনের পাশে খাস জমিতে অস্থায়ীভাবে বসবাস করা ওই নারীর হাতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা ও এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অপু রায়হান ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রামপালের সন্তোষপুর গ্রামের বাসিন্দা রেহানা খাতুন দীর্ঘদিন ধরে চরম অনটন ও আর্থিক কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছিলেন। সম্প্রতি সংসারের অনাহার দূর করতে না পেরে তিনি বাধ্য হয়ে নিজের মাথার চুল বিক্রি করেন। ঘটনাটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার (৮ আগস্ট) পরিবেশ প্রতিমন্ত্রীর নজরে আসে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী জানান, "অভাবের কারণে রেহানা খাতুন চুল বিক্রি করতে বাধ্য হয়েছেন—এমন খবর পেয়ে পরিবেশ প্রতিমন্ত্রী মহোদয় দ্রুত সহায়তার নির্দেশ দেন। নির্দেশানুযায়ী তাঁকে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেওয়া হয়েছে।"

ইউএনও আরও জানান, রেহানা খাতুনকে স্থায়ীবাসস্থানের ব্যবস্থা হিসেবে গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি তাঁকে ভবিষ্যতে স্বাবলম্বী করে তুলতে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন