গেন্ডারিয়াতে ইশরাকের অভিযানে ৬ মাদক কারবারি আটক

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
গেন্ডারিয়াতে ইশরাকের অভিযানে ৬ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর ঢাকা-৬ আসনকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, মাদক কারবারে লিপ্ত থাকলে নিজ দলের সদস্য হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক বিক্রিতে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে ইশরাক হোসেন বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এলাকা থেকে মাদক নির্মূল করা হবে। বিগত ছয় মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আস্তানাগুলোর তালিকা তৈরি করা হয়েছে। আটক ব্যক্তিদের কাউকে শারীরিক নির্যাতন না করে আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করার নির্দেশ দেন তিনি।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রীর অভিযানের পর পুলিশ ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে হেফাজতে নিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা সাদা পাউডারজাতীয় উপাদান হেরোইন কি না, তা পরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা