মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের মধ্যাঞ্চলে সামরিক বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় দুই শিশু ও ছয় নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির মান্দালয় শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়েসাগিও এলাকায় জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী 'পিপলস ডিফেন্স ফোর্সেস' (পিডিএফ) নিয়ন্ত্রিত একটি গ্রামে শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী পিডিএফের সদস্য বো পাও জানান, সামরিক জান্তার যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় একটি এক বছরের শিশু ও ১১ বছরের এক স্কুলছাত্রসহ ঘটনাস্থলেই ১১ জন মারা যান। হামলার আঘাতে রাস্তার পাশের তিনটি বসতবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
এআইএল/সকালবেলা