এখন থেকে বিমানবন্দরে লাগেজ থাকবে যাত্রীদের চোখের সামনে
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা আনয়ন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই ব্যবস্থার আওতায় বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি ডিসপ্লে মনিটর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন ও বেল্টে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম স্থাপন করা মনিটরে সরাসরি (লাইভ) দেখতে পাবেন যাত্রীরা। এর মাধ্যমে লাগেজ পৌঁছাতে বিলম্ব, চুরি বা নিখোঁজ হওয়ার মতো ঘটনা রোধে জবাবদিহি তৈরি হবে এবং প্রবাসীদেরসহ দেশি-বিদেশি যাত্রীদের ভোগান্তি বহুলাংশে কমে আসবে।
বেবিচক জানিয়েছে, নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা