মহম্মদপুরে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
এম এ রইচ (মহম্মদপুর, মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আকিদুল ইসলাম নামের এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাওড়া পূর্বপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আকিদুল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে বর্তমানে চরম বিপাকে পড়েছে পরিবারটি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এআইএল/সকালবেলা