বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় শরিফা বিবি (৫৫) নামে এক বাকপ্রতিবন্ধী নারী গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিখোঁজ নারীর মেয়ে শারমিন আক্তার সাথী বাদী হয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শরিফা বিবি বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রামের জাফর আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে শরিফা বিবি দেওলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। তিনি বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের নাম বা বাড়ির ঠিকানা সঠিকভাবে অন্যের কাছে প্রকাশ করতে পারেন না। বাড়ি ফিরে না আসায় স্বজনেরা সম্ভাব্য সকল স্থানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাননি।
নিখোঁজ নারীর ভাই নিলতাজ হোসেন অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমরা সব জায়গায় খুঁজেও আমার বোনের কোনো খোঁজ পাচ্ছি না। বোনটা কথা বলতে পারে না, কোথায় কীভাবে আছে তা ভেবে আমরা সবাই খুব আতঙ্কে আছি।” কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে অবিলম্বে ০১৭৩৯৪১১৯০৫ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, “বাকপ্রতিবন্ধী এক নারী নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। নিখোঁজ নারীর ছবি ও বিবরণসহ তথ্য দেশের সকল থানায় পাঠানো হয়েছে। তাঁকে দ্রুত উদ্ধার বা সন্ধান পেতে পুলিশের অনুসন্ধান ও তৎপরতা অব্যাহত রয়েছে।”
এআইএল/সকালবেলা
|