মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলা

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলা

মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান (৭৪)-এর চোখে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর জখম ওই মুক্তিযোদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় বাগেরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের সাথে একই গ্রামের ফিরোজ মৃধার ৩৯ শতক জমি নিয়ে গত ১৫ বছর ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গত ২৪ মার্চ দুপুরে বিবাদী ফিরোজ মৃধা, কামরুল মৃধা, আনোয়ার শেখ, সাব্বির মৃধা, সাফায়েত মৃধা, মনিরা বেগম, হাফিজা বেগম, হাফিজুল শেখ ও শামীম শেখ ওই বিরোধপূর্ণ জমিতে ঘেরাবেড়া দেওয়ার চেষ্টা করেন।

বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এতে বাধা দিলে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার চোখে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। তিনি চোখ মেলতে না পারার সুযোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার স্ত্রী হাফিজা আক্তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে।

বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, “আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় তারা আমার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আসামিরা এলাকায় অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির, তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।” এ বিষয়ে প্রধান অভিযুক্ত ফিরোজ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন