সোনাগাজী হাসপাতালে প্রবাসীর চিকিৎসা সরঞ্জাম প্রদান

সোনাগাজী হাসপাতালে প্রবাসীর চিকিৎসা সরঞ্জাম প্রদান

জহিরুল হক মিলন, ফেনী: সৌদি আরব প্রবাসী মাহবুবুল হকের ব্যক্তিগত অর্থায়নে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও বাইপ্যাপ (BiPAP) মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। আর্তমানবতার সেবায় প্রবাসীর এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভা বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সোনাগাজী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী। এছাড়াও হাসপাতালের উচ্চমান সহকারী জামাল উদ্দিন, ইপিআই বিভাগের ইনচার্জ জামশেদ উদ্দিন এবং সার্বিক সমন্বয়কারী স্বাস্থ্য পরিদর্শক মো. নুর নবী উপস্থিত ছিলেন।

প্রবাসী মাহবুবুল হক জানান, সোনাগাজী হাসপাতালে জরুরি চিকিৎসাসামগ্রীর সংকটের কথা জানতে পেরে জনস্বার্থে তিনি নিজ দায়িত্বেই এসব যন্ত্রপাতি প্রদানের উদ্যোগ নেন। হাসপাতালের সেবার মানোন্নয়নে এটি তার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম প্রবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনস্বার্থে এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এসব অত্যাধুনিক যন্ত্রপাতি পাওয়ার ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে আরও গতি আসবে এবং সংকটাপন্ন রোগীরা দ্রুত সেবা পাবেন।”

উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী মাহবুবুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজী জিন্নাত আলী পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান। এলাকায় সামাজিক ও মানবিক বিভিন্ন কাজে তার দীর্ঘদিনের অবদান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন