ধরমন্ডল ইউনিয়ন: থমকে আছে মানুষের জীবন

ধরমন্ডল ইউনিয়ন: থমকে আছে মানুষের জীবন

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন এখন চরম অবহেলার এক জনপদ। প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস হলেও উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এই ইউনিয়নটি যেন স্থবির হয়ে আছে। ৯টি ওয়ার্ড ও ৫টি গ্রাম নিয়ে গঠিত এই জনপদে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এলাকাবাসীর যাতায়াতের প্রধান ভরসা ‘মুক্তি সড়ক’টি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ইউনিয়নের একটি রাস্তাও চলাচলের উপযোগী থাকে না। ফলে রোগী, গর্ভবতী নারী ও শিক্ষার্থীদের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

স্বাস্থ্যসেবার চিত্র আরও ভয়াবহ। ৩৫ হাজার মানুষের এই জনপদে কোনো হাসপাতাল নেই। একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেটি বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে। কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থাও জরাজীর্ণ। জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা পেতে সাধারণ মানুষকে ছুটতে হয় অনেক দূরের কোনো উপজেলা বা জেলা সদরে।

শিক্ষা খাতের স্থবিরতাও চোখে পড়ার মতো। হাতেগোনা কয়েকটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেগুলোর পাঠদান প্রক্রিয়া সন্তোষজনক নয়। একমাত্র উচ্চ বিদ্যালয়টি ভুগছে তীব্র শিক্ষক সংকটে। 

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের সদিচ্ছা ও স্বচ্ছতার অভাবে ধরমন্ডল ইউনিয়নটি পিছিয়ে রয়েছে। উন্নয়নের বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহিতার দাবি তুলেছেন সচেতন বাসিন্দারা। তারা মনে করেন, এই জনপদকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে সৎ, শিক্ষিত ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। সঠিক পরিকল্পনা ও দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমেই কেবল এই অবহেলিত জনপদের চিত্র পাল্টানো সম্ভব।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন