পেটের ভেতরে মিলল ইয়াবা, আটক ১

পেটের ভেতরে মিলল ইয়াবা, আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম (৪০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) ভোরে মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল হাকিম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ২৪ নং ক্যাম্পের (লেদা) মৃত আলী আকবরের ছেলে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ইনচার্জ আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল আলেখারচর চক্ষু হাসপাতাল গলি এলাকায় অবস্থান নেয়। সেখানে ঢাকামুখী লেনের পাশে আব্দুল হাকিমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও পেটে চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে তাকে পাশের একটি টয়লেটে নিয়ে যাওয়া হলে সে প্রাকৃতিক কার্যের মাধ্যমে একে একে ২৪টি পলিথিন ও কসটেপ মোড়ানো গোলাকার প্যাকেট বের করে দেয়। প্রতিটি প্যাকেটে ৫০ পিস করে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাকিম জানায়, সে টেকনাফ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে মলদ্বার দিয়ে পেটের ভেতরে ঢুকিয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঘটনাস্থলে সে বাসের জন্য অপেক্ষা করছিল।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবুল বাশার জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের এই চালানের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন