ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল শেখ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং সেবায় অবহেলার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযোগ করেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে সেবা নিতে গেলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে গর্ভকালীন ভাতার প্রত্যয়নপত্রসহ বিভিন্ন দাপ্তরিক কাজের ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ দাবি করেন রিংকু বাছাড়। টাকা না দিলে আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় এবং টাকা দিলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করা হয় বলে ভুক্তভোগীরা দাবি করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ রোগীদের মাঝে সঠিকভাবে বিতরণ না করে গোপনে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীদের "ওষুধ নেই" বলে ফিরিয়ে দেওয়া হলেও একই ওষুধ বাইরে সহজলভ্য। এছাড়া মজুত রাখা ওষুধ মেয়াদোত্তীর্ণ করে পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটছে বলে মানববন্ধনে জানানো হয়।
সেবাগ্রহীতাদের দাবি, রিংকু বাছাড় নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং রোগীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। কেউ প্রতিবাদ করলে প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিংকু বাছাড় তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করতে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
মানববন্ধন থেকে এলাকাবাসী এসব দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ