ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা, ফুচকা ও মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। রাত ২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে মুরগির খাদ্যের বস্তার নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়।
এর আগে একই এলাকায় বিকেল ৩টার দিকে অপর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তায় লুকানো ভারতীয় জিরার একটি বড় চালান জব্দ করা হয়।
অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। অবৈধ পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ