সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিদ্দকী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিদ্দকী গ্রেপ্তার
সিরাজদিখানে ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে (ফাইল ছবি)।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচিত ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জামতলী কোবাত শেখের বাড়ি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. সিদ্দিক মোল্লা সিরাজদিখান উপজেলার পশ্চিম কোলা এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. ইলিয়াস মোল্লার (৫০) ওপর প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। মারধরে গুরুতর আহত ইলিয়াস মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গত ২০ জুন নিহতের স্বজন বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে এ হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া প্রধান আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন