রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং সদস্যসচিব এমদাদুল হক লিমন যৌথভাবে এই কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেন।
দলীয় কর্মসূচিতে টানা অনুপস্থিত থাকার কারণে যাদের শোকজ করা হয়েছে, তারা হলেন—রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ হাসান রিয়াদ, সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের সভাপতি আসফাত ইসলাম আফ্রিদি, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান জিম, সাধারণ সম্পাদক সামির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোদ্র, সাংগঠনিক সম্পাদক রওনক আবীদ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহসভাপতি ওয়াকিলুর রহমান বিশাল, সাধারণ সম্পাদক রেদওয়ান আলম সাফিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক এ্যানি খাতুন, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রুহানউজ্জামান রিজন এবং দারুস সালাম কামিল মাদ্রাসার সাধারণ সম্পাদক সাদাত রায়েদ।
নেতৃবৃন্দের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তারা ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে ব্যর্থ হয়েছেন এবং ধারাবাহিক অনুপস্থিতি দেখিয়েছেন। যার জন্য তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে এসে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সংগঠনের নীতি ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের সাবেক সদস্য সারোয়ার হোসেন তিমেলকে একইভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
|