খাগড়াছড়ির দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
খাগড়াছড়ির দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
খাগড়াছড়ির দীঘিনালায় DSF-এর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিচ্ছেন স্থানীয় পাহাড়ী-বাঙালি রোগীরা (ফাইল ছবি)।

রূপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: মানবসেবার অঙ্গীকার নিয়ে DSF (Do Something Foundation)-এর উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালি ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন প্রদান ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগত রোগীদের মাঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজক সংগঠন DSF (Do Something Foundation)-এর পক্ষে ডা. মো. মিজানুর রহমান জানান, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ৩ নম্বর কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেশ চাকমা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে DSF-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে এ অঞ্চলের বহু অসহায় ও সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন।”

কর্মসূচীতে সংগঠনের প্রতিনিধি মো. শাহিল আলম, মো. রাসেল আহমদসহ দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন