কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, সুন্দরবন এক্সপ্রেস আটকে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, সুন্দরবন এক্সপ্রেস আটকে বিক্ষোভ
কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটক

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে অসুস্থ এক নারীকে ট্রেনে ওঠানোকে কেন্দ্র করে ওনার ছেলে ও স্বামীকে এক ট্রেন স্টাফ কর্তৃক ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহতরা হলেন— শফিউল আওয়াল সুমন (৪০) ও ওনার বাবা আব্দুর রহিম (৬৫)।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও ক্ষুব্ধ যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটকে রেখে তাণ্ডব ও বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তপ্ত পরিস্থিতি দেখে ট্রেনের লোকো মাস্টার ও পরিচালক (গার্ড) স্থান ত্যাগ করেন। এর ফলে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।

আহত শফিউল আলম সুমন জানান, তিনি ওনার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন। এ সময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই স্টাফ ক্ষুব্ধ হয়ে ওনাকে ও ওনার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

ঘটনার বিষয়ে স্টেশন মাস্টার ইতি খাতুন জানান, এ ঘটনায় কারা প্রত্যক্ষভাবে জড়িত তা নিরপেক্ষ তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

খবর পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর দীর্ঘ দুই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন