রাজধানীর পান্থপথ থেকে ১২ মামলার শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
রাজধানীর পান্থপথ থেকে ১২ মামলার শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার
র‍্যাব-১১ এর অভিযানে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী রাসেল

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তত ১২টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাসেল আহমেদকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার পান্থপথ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে র‍্যাব-১১ ও র‍্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত রাসেল সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর গ্রামের মৃত সাফাতুল্লাহর ছেলে।

পরবর্তীতে ওনার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁওয়ের কুরবানপুর এলাকায় রাসেলের বসতবাড়ির গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-১১ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় একটি সক্রিয় ও সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন রাসেল আহমেদ। নতুন গড়ে ওঠা শিল্পকারখানা, ড্রেজিং কার্যক্রম ও আবাসন প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ছিল ওনার মূল উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইট-বালু সরবরাহ, ঝুট ব্যবসা ও নির্মাণকাজ নিয়ন্ত্রণের নামে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। এছাড়া প্রকাশ্য মহড়া, প্রতিপক্ষের ওপর হামলা এবং মাদক ও সন্ত্রাস বিষয়ক সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগও রয়েছে এই রাসেল বাহিনীর বিরুদ্ধে।

র‍্যাব আরও জানায়, সোনারগাঁও থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় রাসেলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১২টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন