মসিকে ৫৮ হাজার শিশুর টিকাদান শুরু

মসিকে ৫৮ হাজার শিশুর টিকাদান শুরু

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় ৫৮ হাজার ৬৬৮ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) সকালে নগরভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এই টিকাদান কর্মসূচি আগামী ১২ মে পর্যন্ত চলবে। তবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নগরের ৩৩টি ওয়ার্ডের ৭০টি নির্ধারিত কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। কার্যক্রম সফল করতে পুরো নগরে ৭০টি দক্ষ টিম গঠন করা হয়েছে।

উদ্বোধনকালে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “নগরের প্রায় ৬০ হাজার শিশুকে আমরা হামের টিকার আওতায় আনছি। লক্ষ্যমাত্রার বাইরেও যদি কোনো শিশু থেকে যায়, তবে তাকেও টিকার আওতায় আনা হবে। এ বিষয়ে নগর জুড়ে মাইকিং এবং মসজিদের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “হাম একটি জাতীয় সমস্যা এবং টিকাদানই এর একমাত্র কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা। আমরা আশা করছি, এই কর্মসূচির মাধ্যমে আমাদের শিশুরা নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে দেশে হামের প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে।”

হামের প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে মুক্ত রাখতে এই কার্যক্রমে সকল অভিভাবককে তাদের শিশুদের নিয়ে টিকাদান কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন