কটিয়াদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে পোনা অবমুক্ত
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে উন্মুক্ত জলাশয় এবং প্রাতিষ্ঠানিক পুকুরে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি পোনা অবমুক্ত করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও হাওরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এটি বাস্তবায়িত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়াসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয়ে অবৈধ শিকার ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। হাওর-বিলের প্রাকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এর সুফল স্থানীয় মৎস্যজীবীরা পাবেন।
মৎস্য বিভাগ জানায়, এ উদ্যোগের ফলে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধির পাশাপাশি এলাকার আমিষের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এআইএল/সকালবেলা