গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং অবিলম্বে পাওনা পরিশোধের দাবিতে নানা স্লোগান দেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

শ্রমিকরা জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ না করে উল্টো কারখানা ছুটি ঘোষণা করা হয়। ফলে শত শত শ্রমিক পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। বেতন না পাওয়ায় ঘরভাড়া, দোকানের বাকি ও সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শ্রমিক আতাউর ও সুমনা আক্তার।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং শ্রমিকদের দাবি মেটানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন