কিশোরগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি পালন
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশকনিধন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশকনিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন। তিনি বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শহরবাসীকে সুরক্ষিত রাখতে এ ধারাবহিকতা বজায় থাকবে।
বিতরণকৃত লিফলেটে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমা পানি অপসারণ, মশারি ব্যবহার এবং জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জে ডেঙ্গু শনাক্তের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ৫২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এআইএল/সকালবেলা