জামালপুর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
জামালপুর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কারখানাটির স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন। ৭ মাস পর কারখানা সচল হওয়ায় শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

জেএফসিএল সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়া এই সার কারখানার দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং অ্যামোনিয়া উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭৮ মেট্রিক টন। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে এখান থেকে ইউরিয়া সার সরবরাহ করা হয়।

গ্যাস সংকটের কারণে ২০২৪ সালের ১৫ জানুয়ারি কারখানাটি প্রথম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ মাস পর ২০২৫ সালের ২৩ নভেম্বর তিতাস গ্যাস পুনরায় সংযোগ দিলে কারখানাটি চালু হলেও চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৭ মাস পর রোববার আবারো কারখানাটির স্টার্ট-আপ প্রক্রিয়া শুরু হলো। কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় সারের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন শ্রমিকসহ স্থানী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছিলেন।

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন জানান, গ্যাস সংযোগ পাওয়ায় দুপুর ১২টা থেকে স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়েছে। প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন হলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে পুনরায় বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদনে যাওয়া সম্ভব হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন