ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের লাশ উদ্ধার

সামজাদ জসি, স্টাফ রিপোটার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (৩০) নামে এক অটোরিকশাচালককে কসটেপ দিয়ে মুখ ও শরীর পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সদরের সরকারি কলেজের গেটের সামনে মামুন মার্কেটের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে পরিবারের সদস্য ও স্থানীয়রা তল্লাশি চালিয়ে পার্শ্ববর্তী বুড়িশ্বর ইউনিয়নের বেনিপাড়া এলাকা থেকে উদ্ধার করে তাঁর অটোরিকশাটি।

নিহত আরজান মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আরজান। নির্দিষ্ট সময়ে দুপুরে খাবার খেতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে স্বজনেরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথম দুবার রিং হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। পরে সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন নিহতের পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শচীন চাকমা জানান, পিবিআই ও পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও স্বজনদের ধারণা, অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরাই তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন