ধুনটে জঙ্গল থেকে জীবিত নবজাতক উদ্ধার

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
ধুনটে জঙ্গল থেকে জীবিত নবজাতক উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় রাস্তার পাশের জঙ্গল থেকে এক পরিত্যক্ত ছেলে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে মসজিদের অদূরে এ ঘটনা ঘটে। তবে শিশুটিকে কে বা কারা ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পথচলার সময় জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। পরে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান এক নবজাতক পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে একই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে একনজর দেখতে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জামায়।

স্থানীয়দের ধারণা, অনৈতিক সম্পর্ক লুকাতে অথবা লোকলজ্জার ভয়ে রাতের আঁধারে কে বা কারা শিশুটিকে জঙ্গলটিতে ফেলে রেখে গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটির অভিভাবকত্ব ও পরবর্তী সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন