স্ত্রীসহ জামায়াতের প্রাক্তন এমপি গাজী নজরুল রিমান্ডে

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
স্ত্রীসহ জামায়াতের প্রাক্তন এমপি গাজী নজরুল রিমান্ডে

বিশেষ সংবাদদাতা: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গাজী নজরুলের চার দিন এবং তাঁর স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ডের এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় বাসায় অবস্থানরত নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়ে থানায় নেওয়া হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন