কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় স্মারকলিপি প্রদান
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকের অবৈধ ক্রয়-বিক্রয়, সেবন এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা বন্ধের দাবিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সর্বস্তরের এলাকাবাসী।
রবিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ চন্দ্রিমা থানা এলাকায় মাদকের প্রকাশ্য কেনাবেচা ও সেবন চলে আসছে। একই সাথে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে রাতে আড্ডা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটাচ্ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্মারকলিপিতে এলাকাবাসীর পক্ষ থেকে ৭ দফা দাবি ও প্রস্তাব উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে রাতের পুলিশি টহল জোরদার, অলিগলিতে অবস্থানরত কিশোরদের সতর্ককরণ ও অভিভাবকদের নিয়ে কাউন্সিলিং, চিহ্নিত মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও মাইকিং কার্যক্রম জোরদার করা এবং শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
স্মারকলিপিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, উদ্দেশ্য কোনো নিরপরাধ ব্যক্তি বা কিশোরকে হয়রানি করা নয়; বরং প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের আইনি প্রক্রিয়ায় এনে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠন করাই তাঁদের মূল লক্ষ্য। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এআইএল/সকালবেলা