নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেপ্তার

মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ী মোশারফ হোসেন ফরহাদের বাড়িতে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৩৯ হাজার টাকা, লোহার স্টিক ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন—বাকের হোসেন ওরফে অনু (৩২), কোরবান আলী ওরফে দুলাল (৪৮), সাইদুল হক ওরফে আরিফ (২১) এবং মহিবুল ইসলাম আসিফ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাতে শ্রীপুর এলাকার ব্যবসায়ী বাড়িতে কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ৮ সদস্যের ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা গৃহকর্তা ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সোনা-রুপার অলঙ্কার, ৬টি মোবাইল ফোন এবং নগদ সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হলে জেলা পুলিশের বিশেষ দল তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের চিহ্নিত করে। গত ২ আগস্ট চট্টগ্রাম নগরের খুলশী এবং নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে বাকের হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতির পরিকল্পনা করে চক্রটির ৮ সদস্য সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ঘটনাস্থলে পৌঁছায়। আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরির মামলা রয়েছে। উদ্ধার হওয়া আলামতসহ আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন