মান্দায় জমি সংক্রান্ত বিরোধে অসহায় পরিবারের ওপর হামলা: ওসির বিরুদ্ধে হুমকির অভিযোগ

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে অসহায় পরিবারের ওপর হামলা: ওসির বিরুদ্ধে হুমকির অভিযোগ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, গাছ নিধন ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও তারা পুলিশের সময়োচিত সহায়তা পাননি। উল্টো থানায় অভিযোগ করতে গিয়ে ওসির রোষানল ও 'মিথ্যা মামলায়' ফাঁসানোর হুমকির শিকার হয়েছেন।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের রজব আলী গং-এর সঙ্গে ফরহাদ আলী চকদার গং-এর একটি স্কুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিবাদমান জমির ফলজ ও বনজ গাছ কেটে ফেলার পাশাপাশি পুকুর থেকে মাছ লুট করে এবং বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই তাণ্ডব চালানো হয়েছে। হামলার সময় প্রাণভয়ে তারা বারবার ৯৯৯-এ ফোন করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময়ক্ষেপণ করে। পুলিশের এই ‘রহস্যজনক নীরবতার’ সুযোগে হামলাকারীরা কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর সুযোগ পায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ঘটনা প্রবাহে সামাজিক যোগাযোগমাধ্যমে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানার একটি কথিত অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অডিওতে শোনা যায়, ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, “বেশি বাড়াবাড়ি করলে বা কথা বললে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।” একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার আচরণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

 হুমকির অভিযোগ অস্বীকার করে মান্দা থানার ওসি কেএম মাসুদ রানা মুঠোফোনে বলেন:

“ঘটনার খবর পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কাউকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।”

তবে ভাইরাল হওয়া অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায়বিচারের দাবিতে তারা নওগাঁ জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন