লেবাননে দুই ইসরাইলি সেনা নিহত

লেবাননে দুই ইসরাইলি সেনা নিহত

লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে। আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের দুজন সেনাসদস্য নিহত হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরাইল দখল করা গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা এবং 'কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর'-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পরে আরও এক ইসরাইলি সেনা নিহতের তথ্য প্রকাশ করে ইসরাইলি সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননে ওই সেনা প্রাণ হারালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

গত সপ্তাহে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরাইলি বিমান হামলা জোরদার করার পর এটিই তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। আল জাজিরার তথ্যমতে, ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল-লেবানন সীমান্তে বর্তমানে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন