পরিবেশ খাতে আর লুটপাট হতে দেওয়া হবে না : পরিবেশমন্ত্রী

পরিবেশ খাতে আর লুটপাট হতে দেওয়া হবে না : পরিবেশমন্ত্রী

জহিরুল হক মিলন, ফেনী: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে ধরনের লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

আজ রোববার (৮ মার্চ ২০২৬) ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনীতে এটিই তাঁর প্রথম সরকারি সফর।

ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন:

“বর্তমানে ঢাকা শহরের দূষণের মাত্রা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন অপরিহার্য। পেছনের কাউকে দোষারোপ করে সময় নষ্ট না করে, দূষণ কমানোকে এখন আমাদের জাতিগত দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।”

ইটভাটার দূষণ প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু জানান, মাটি পোড়ানো ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হওয়া এক-দুই বছরেই পুরোপুরি সম্ভব নয়। এটি একটি সময়সাপেক্ষ বিষয়। তবে দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে ব্লক ইটের দিকে যাওয়ার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় শেষে মন্ত্রী জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক পরিবেশ রক্ষা এবং আইনগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন