ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিরব হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বন্ধু ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে তেল নিতে নিরব ও তার এক বন্ধু শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে যান। পাম্পের শ্রমিকরা তখন 'তেল নেই' বলে তাদের ফিরিয়ে দেয়। পরে অন্য পাম্পে তেল না পেয়ে ফেরার পথে তারা দেখেন, তাজ ফিলিং স্টেশনে বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে।
এ নিয়ে নিরব ও তার বন্ধু শ্রমিকদের কাছে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পাম্পের শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে নিরবের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় নিরব বাসায় ফিরে অসুস্থবোধ করলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য: ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন:
“হাসপাতালে আসার কয়েক মিনিট পরেই নিরবের মৃত্যু হয়। তার শরীরের কানের নিচে এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই আঘাতের কারণে অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ঘটনার পরপরই অভিযানে নেমেছে র্যাব-৬। ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। নিহতের বন্ধুরা এবং স্বজনরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ও র্যাব বিষয়টি অধিকতর তদন্ত করছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ