মা ইলিশ শিকারে মাদারীপুরে ৯ জেলের কারাদণ্ড

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ণ
মা ইলিশ শিকারে মাদারীপুরে ৯ জেলের কারাদণ্ড

নাজমুল হাসান (মাদারীপুর): সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে মাদারীপুরের শিবচরে ৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধারকৃত ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান। এ সময় নৌপুলিশের সদস্যরাও অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি অসাধু চক্র পদ্মার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকারে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে তাঁদের হেফাজত থেকে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইন অনুযায়ী আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজান বলেন, "জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এই সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ এবং থানা-পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক দল নিয়মিত মাঠে কাজ করছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

এআইএল/সকালবেলা