তানজিন তিশার বড় পর্দায় অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলো

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
তানজিন তিশার বড় পর্দায় অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলো

অনলাইন ডেস্ক: মডেলিং ও নান্দনিক অভিনয়ের গুণে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বহু আগেই দর্শকহৃদয়ে পাকাপাকি আসন গেঁথেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিনেমা ও সিরিজেও নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে ভক্তদের মনে বহু দিনের কৌতূহল ছিল—কবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখাবেন এই গ্ল্যামারাস তারকা।

মনমতো চিত্রনাট্য ও মনের মতো চরিত্রের খোঁজে থাকার কারণে এতদিন চলচ্চিত্রে পা রাখেননি তিশা। গত বছর মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে তাঁর বহু কাঙ্ক্ষিত বড় পর্দা অভিষেক নিশ্চিত হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু আকস্মিকভাবে সিনেমাটির নির্মাণকাজ থমকে যাওয়ায় পরিস্থিতি বদলে যায়। ‘সোলজার’-এর আগেই অন্য সিনেমার শুটিং শুরু ও মুক্তি পাওয়ায় তিশার বড় পর্দায় অভিষেক দেখার অপেক্ষা দীর্ঘ হতে থাকে।

সম্প্রতি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, তানজিন তিশার রূপালি পর্দায় পা রাখার এই অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। সিনেমাটির বাকি থাকা ৯-১০ দিনের শুটিংয়ের জন্য প্রয়োজনীয় শিডিউল নিয়ে বর্তমানে জটিলতা তৈরি হয়েছে। এর মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, শাকিব খান খুব দ্রুতই ‘নিঃস্ব’ এবং ‘মহব্বত’ নামের নতুন দুটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। ফলে এই ব্যস্ততার মাঝে ‘সোলজার’-এর জন্য আলাদা করে সময় বের করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে সিনেমাটি কবে নাগাদ আলোর মুখ দেখবে কিংবা তানজিন তিশার অভিষেক কবে হবে, তা নিয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

এদিকে বড় পর্দার কাজের অনিশ্চয়তার মাঝেও থেমে নেই তানজিন তিশা। ছোট পর্দায় নাটকের কাজ নিয়ে আবারও ব্যস্ত সময় পার করছেন তিনি এবং ইতোমধ্যে তাঁর বেশ কিছু নতুন নাটক দর্শকের সামনে এসেছে।

সকালবেলা / নুসরাত