সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্কঃ সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩)। তিনি মতিঝিল থানা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি সুপ্রিম কোর্টের প্রবেশপথে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের পর গোয়েন্দা রমনা বিভাগ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের সনাক্ত করে।
পরদিন ১৬ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল এলাকা থেকে মূল অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিস্ফোরণে ব্যবহৃত মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে ডিবি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি রমনা বিভাগের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।