কক্সবাজারে কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
কক্সবাজারে কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী গ্রেপ্তার

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে হোস্টেল থেকে ইয়াবাসহ ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ অধ্যক্ষের সহযোগিতায় হোস্টেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হ্নীলা থেকে তাঁর এক আত্মীয় পার্সেলযোগে ইয়াবাগুলো পাঠানোর পর তিনি সেগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।

ওসি আরও জানান, এই চোরাচালানের সঙ্গে একটি বড় চক্র জড়িত রয়েছে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন