স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী, স্বামীকে উদ্ধার করতে নেমে স্ত্রীর মৃত্যু
নওগাঁর বদলগাছীতে খালে ডুবে প্রাণ হারানো নবদম্পতির অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া (ফাইল ছবি)।

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছীতে খালের পানিতে গোসল করতে নেমে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক নবদম্পতি।

পানিতে তলিয়ে যাওয়া স্বামীকে বাঁচাতে উদ্ধার করতে গিয়ে খালে ঝাঁপ দিয়েছিলেন স্ত্রী। তবে শেষ পর্যন্ত দুজনকেই জীবনের মায়া ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। স্বজনরা জানান, মাত্র সাত মাস আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল। সুমাইয়ার বাবার বাড়ি বদলগাছীর কার্তিকাহার গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। আজ রোববার দুপুরে বাড়ির পাশে অবস্থিত একটি বড় খালে স্থানীয় অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। সে সময় সুমাইয়া খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। গোসলের একপর্যায়ে গভীর পানিতে নূর ইসলাম তলিয়ে যেতে লাগলে তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করতে খালের পানিতে ঝাঁপ দেন স্ত্রী সুমাইয়া। স্রোত ও গভীর পানিতে মুহূর্তের মধ্যেই দুজনই তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তাঁদেরকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, মৃতদেহ দুটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। সাময়িকভাবে তাঁদের শরীরে কোনো প্রকার আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, পুলিশ তা-ও খতিয়ে দেখছে।

মন্তব্য করুন