নারী-শিশুদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০ কোটি মানুষের দেশে সবকিছু সরকারের ওপর ছেড়ে দিলে চলবে না, প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগের পাশাপাশি জাতীয় পর্যায়েও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। মাদক প্রতিরোধে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি আরও জানান, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কথা উল্লেখ করে তিনি সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে সমন্বিতভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক রফিকুল হক ও পুলিশ সুপার বেলাল হোসেনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|