জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা দুঃখজনক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় স্মারক অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অশালীন আচরণ নিয়ে চরম অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশেষ স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, "জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যা প্রত্যক্ষ করলাম, তা অত্যন্ত দুঃখজনক। প্রদর্শিত প্রামাণ্যচিত্রটিতে কিছু বড় ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়েছিল, যার জন্য আয়োজক পক্ষ থেকে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু ভুলত্রুটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে এভাবে বিশৃঙ্খলা ও হট্টগোল সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হতে পারে না।"
অনুষ্ঠানে বিভিন্ন বক্তাদের উদ্দেশ্য করে গ্যালারি থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়ার কঠোর সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, "রাষ্ট্রীয় বা যেকোনো আনুষ্ঠানিক মঞ্চে কেউ বক্তব্য দিতে দাঁড়ালে অহেতুক 'ভুয়া, ভুয়া' ধ্বনি তোলার এই প্রবণতা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এসব আচরণ একেবারেই মানায় না। সুস্থ গণতান্ত্রিক ও শিষ্টাচারপূর্ণ আচরণ আমরা কবে শিখব? আমাদের উচিত সবাইকে মর্যাদা ও সম্মান জানানো।"
আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পুনর্বাসন ও দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, "আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন যে তারা নাকি আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন। ঠিক আছে, তারা আসুক, আমরাও প্রস্তুত আছি এবং দেখব।"
বক্তব্যের শেষভাগে জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, "বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশকে চিরস্থায়ী ভিত্তি দেওয়ার জন্যই বর্তমান ব্যবস্থা কাজ করে যাচ্ছে এবং আমরা তা নিশ্চিত করেই যাব।
|