ঈশ্বরদীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
মো. মাহমুদুল হাসান, পাবনা: "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।"— জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ডের ১ নম্বর গেট থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেলগেট ও পোস্ট অফিস মোড় হয়ে খায়রুজ্জামান বাবু টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের ও ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান।
সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমিছিল ও সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন।
এআইএল/সকালবেলা
|